নিজস্ব প্রতিনিধিঃ ঢাকায় আওয়ামীলীগের সমাবেশে ২০০৪ সালে গ্রেনেড হামলার পর বিচারের নামে তামাশা করতে গিয়ে লজ্জাজনক এক নাটক সাজায় তৎকালীন ক্ষমতাসীন বিএনপি সরকার। ইতিহাসের পাতায় এটি ‘জজ মিয়া নাটক’ নামে জায়গা করে নিয়েছে। গ্রেনেড হামলার সত্যিকারের অপরাধীকে আড়াল করার জন্য নিরপরাধ সিডি বিক্রেতা জজ মিয়াকে আটক করে হামলার মূল হোতা বানানোর চেষ্টা করে।
বহুল আলোচিত জনপ্রিয় এই নাটকের স্ক্রিপ্ট যেন কেউ নকল করতে না পারে, সে বিষয়ে উদ্যোগী হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ বিকেলে পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এই নাটক বিএনপির, এই নাটক খালেদার, এই নাটক তারেকের। বাংলার বুকে আর কাউকে এই নাটকের স্ক্রিপ্ট নকল করতে দেয়া হবে না। আমরা পেটেন্টের জন্য আবেদন করবো।”
দুই বিদেশি নাগরিক হত্যার ঘটনায় সরকার জজ মিয়া নাটক সাজানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন রিপন। তিনি বলেন, “এই নির্লজ্জ সরকার নিজের ব্যর্থতা ঢাকতে ‘জজমিয়া’ নাটকের আদলে ‘বড় ভাই’ নাটক সাজানোর অপচেষ্টা করছে। তাদের লজ্জা থাকা উচিত। তারা এভাবে নাটক সাজাতে পারে না।”
জজ মিয়া নাটকের ব্যবহারিক বিধিনিষেধ এর ব্যাখ্যা করতে গিয়ে রিপন বলেন, “আমরা একটি বড় রাজনৈতিক দলের প্রধানসহ শীর্ষনেতাদের খতম করার অপারেশনে যে নাটক ব্যবহার করেছি, মাত্র দুইজন বিদেশি নাগরিক হত্যার ঘটনায় সেইম নাটক ব্যবহার করে তারা নাটকের মেরিটকে অপমান করতে পারে না। এই অধিকার তাদেরকে কেউ দেয়নি।”
তিনি বলেন, “আমরা আমাদের নেত্রীর সাথে যোগাযোগ করেছি। তিনি বলেছেন উনার সৃজনশীল স্ক্রিপ্টে যদি কেউ হাত দেয়, তাহলে সেই কুলাঙ্গারের নাম পাল্টে দিবেন।”
আপনারা জজমিয়া নাটক সাজাতে পারলে আওয়ামীলীগ কেন বড়ভাই নাটক সাজাতে পারবে না? এই প্রশ্নের জবাবে আসাদুজ্জামান রিপন বলেন, “বিএনপি অধম বলিয়া কি আওয়ামীলীগ উত্তম হইবে না?” তিনি বলেন, “এই জাতি বিএনপির কাছে কিছুই আশা করে না। সবকিছু আওয়ামীলীগের কাছে আশা করে। জাতির পিতা, জয় বাংলা, মুক্তিযুদ্ধের নেতৃত্ব, সব আওয়ামীলীগের। আমাদের ভাগে পড়েছে শুধু একজন আরজে। একজন আরজে দিয়ে আমরা আর কীইবা করতে পারি?”
তিনি আরো বলেন, “আমরা আওয়ামীলীগকে বলেছি, তোমরা আরজে জিয়াকে নিয়ে যাও, আমাদেরকে একটু জাতির পিতা ও জয় বাংলার ভাগ দাও। তারা বলে, আরজে জিয়া একটা খবিশ, তার উচ্চারণ ভালো না।”
“যারা দুই টাকার আরজে নিতে রাজি হয়নি, তাদেরকে কিভাবে কোটি টাকার জজমিয়া নাটকের স্ক্রিপ্ট দিয়ে দিই?” পাল্টা প্রশ্ন করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরো অনেকে উপস্থিত ছিলেন। যারা উপস্থিত ছিলেন তাদের নাম বললে আপনারা চিনবেন না।



Leave a Reply